গাজীপুরের শ্রীপুরে নাটকীয় ঘটনার মধ্যে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক এক শীর্ষ আসামিকে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হন।
আটক হওয়া ব্যক্তির নাম মো. সুমন মিয়া (৩২)। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুমনকে প্রথমে কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার একটি ব্রিজ থেকে আটক করা হয়। তবে থানায় নেওয়ার পথে দুর্বৃত্তরা একের পর এক হামলা চালায়—প্রথমে বরমী, এরপর সাতখামাইর, সিসিডিবি এলাকা হয়ে সর্বশেষ টেংরা মোড়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘‘পুলিশের সদস্যরা আসামিকে আটকের পর পরপর একাধিক স্থানে হামলার মুখে পড়েন। শেষ পর্যন্ত দুর্বৃত্তরা জোরপূর্বক আসামিকে নিয়ে যায়।’’ এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামি ও তার সহযোগীদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে।



মন্তব্য করুন