শরীয়তপুরের ভেদরগঞ্জে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাংবাদিক মাহবুবুর রহমানের সঙ্গে কালু মোল্লা নামের এক ব্যক্তির দীর্ঘদিনের বিরোধ ছিল। সেদিন দুপুরে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গোসাইরহাটে যাওয়ার পথে কালু মোল্লা, তার স্ত্রী মাহমুদা বেগম, ছেলে মহসীন মোল্লাসহ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

মাহবুবুর রহমান জানান, কালু মোল্লা সরকারি খাস জমি দখল করে স্থায়ী ঘর নির্মাণ করেছিলেন। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তারা ক্ষুব্ধ ছিলেন। “আজ সুযোগ পেয়ে তারা আমাকে আক্রমণ করেছে। আমি ন্যায়বিচার চাই,” বলেন তিনি।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ভেদরগঞ্জ থানার ওসি কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কালু মোল্লার স্ত্রীর কাছ থেকে সাংবাদিক মাহবুব জমি কিনেছিলেন, যা নিয়ে আর্থিক লেনদেনের বিরোধ তৈরি হয়। এই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।