শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের উত্তর মাথাভাঙা এলাকায় পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবন। ২০১৭ সালে স্থাপিত এই বিদ্যালয়টি ছিল চরবানিয়াল গ্রামের চার শতাধিক পরিবারের একমাত্র শিক্ষার আশ্রয়। ৪ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম।
সোমবার বিকেলে ভবনের একটি অংশ নদীতে ধসে পড়ে, বিলীন হয় বিদ্যালয়ের প্রায় ৩০ শতাংশ জমিও। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান জানান, ভবনটি ধসে যাওয়ার পরপরই পাঠদান বন্ধ করে দেওয়া হয় এবং রোববার সরিয়ে নেওয়া হয় প্রয়োজনীয় সরঞ্জাম।
২০১৮ সাল থেকে চার কক্ষবিশিষ্ট পাকা ভবনে পাঠদান চলছিল। ২০২৩ সালে পদ্মার ভাঙনের ঝুঁকিতে পড়লে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করে, যা ২০২৫ সালের জুনে নদীতে ভেসে যায়। বিদ্যালয় রক্ষায় প্রধান শিক্ষক মোহাম্মদ আল মামুন জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় অভিভাবক বিল্লাল হোসেন বলেন, “ছয় বছর ধরে আমাদের সন্তানেরা এখানে পড়ালেখা করছিল। এখন সেটিও পদ্মায় ভেঙে গেল। তারা কোথায় যাবে?”
ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন খান জানান, যারা বিদ্যালয়ের জন্য জমি দিয়েছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অন্যত্র জমি দিতে রাজি হলে সেখানে নতুনভাবে পাঠদান শুরু হবে।
সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল মুজাহিদ বলেন, “জমিদাতা অন্য স্থানে জমি দিতে আগ্রহী। অল্প সময়ের মধ্যে বিদ্যালয়ের কার্যক্রম পুনরায় চালু হবে।”
পাউবো’র নির্বাহী প্রকৌশলী তারেক হাসান জানান, কাচিকাটা এলাকায় সাড়ে তিন কিলোমিটার নদীতীর রক্ষা বাঁধ নির্মাণের একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, যা এখনো অনুমোদনের অপেক্ষায়। তবে বিদ্যালয়টির জন্য আলাদা কোনো বরাদ্দ পাওয়া যায়নি।



মন্তব্য করুন