শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছৈয়ালকান্দি গ্রামে নিখোঁজের দুই দিন পর ছয় বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী তায়বার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয় মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তায়বা স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী এবং টিটু সরদারের মেয়ে। গত ২৪ সেপ্টেম্বর, বুধবার বিকেলে খেলতে বের হয়ে নিখোঁজ হয় সে। স্বজনেরা খোঁজাখুঁজি করে না পেয়ে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর এলাকায় মাইকিং, পোস্টারিং এবং সামাজিক মাধ্যমে প্রচার চালানো হয়।

২৬ সেপ্টেম্বর, শুক্রবার সকাল থেকে পুনরায় খোঁজ শুরু হলে স্থানীয়রা পাশের বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখতে পান। সন্দেহ হলে তাঁরা সেখানে তাকিয়ে তায়বার নিথর দেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।” অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল জানান, “নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা শিশুটিকে খুঁজছিলাম। আজ দুপুরে খবর পাই, পাশের একটি বাড়ির সেপটিক ট্যাংকে তার মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শিশু তায়বার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি শেয়ার করে শোক ও ক্ষোভ প্রকাশ করছেন।