আগামী ১৪ অক্টোবর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোর দুই দিনের সম্মেলন, যেখানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ও প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, ‘ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ চিফস কনক্লেভ’ শীর্ষক এই সম্মেলনে ৩০টিরও বেশি দেশের সামরিক নেতৃত্ব অংশ নেবেন। শান্তিরক্ষা কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি ব্যবহারের প্রসার এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত কৌশল নির্ধারণই হবে মূল লক্ষ্য।
ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এক প্রস্তুতিমূলক বক্তব্যে বলেন, “জাতিসংঘ সনদের অধীনে বিশ্বশান্তি রক্ষায় আমাদের সম্মিলিত দায়িত্ব রয়েছে। এই সম্মেলন সেই দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি ভাগাভাগির একটি অনন্য প্ল্যাটফরম”।
তিনি জানান, সম্মেলনে দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে—একটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রম ও রসদ সংগ্রহ নিয়ে, অন্যটি প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনী কৌশল নিয়ে।
বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাপ্রধানের সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। আইএসপিআর বলেছে, “সফর সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে”।
বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানোর দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৫,৬৮৫ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে কর্মরত। নেপাল ৬,০৩৯ জন শান্তিরক্ষী নিয়ে শীর্ষে, আর রুয়ান্ডা রয়েছে দ্বিতীয় স্থানে—৫,৯০৫ জন শান্তিরক্ষী নিয়ে।
বিশ্লেষকদের মতে, এই সম্মেলন দক্ষিণ এশিয়ার শান্তিরক্ষা ভূরাজনীতিতে ভারতের সক্রিয় ভূমিকা তুলে ধরবে, যেখানে বাংলাদেশ অন্যতম প্রধান অংশীদার।



মন্তব্য করুন