বৃহস্পতিবার, ২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকায় নেশার টাকা না পেয়ে লিটন খান (৫০) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করেছে তার ছেলে আবু বকর মিলন। হত্যাকাণ্ডের পর মিলন ও তার স্ত্রী চাঁদনি পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। তার ছেলে মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়াতেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই টাকা থেকে ছেলে মিলন ২০ হাজার টাকা দাবি করে আসছিল। কিন্তু নেশাগ্রস্ত হওয়ায় লিটন খান টাকা দিতে অস্বীকৃতি জানান।
বৃহস্পতিবার রাতে বাড়িতে একা থাকা অবস্থায় কথা কাটাকাটির এক পর্যায়ে মিলন প্রথমে বাবার গলায় ফাঁস দেন এবং পরে তরকারি কাটার বটি দিয়ে গলা কেটে হত্যা করেন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনা খুলনা শহরে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং পারিবারিক সহিংসতা ও মাদকাসক্তির ভয়াবহতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



মন্তব্য করুন