মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন করতে আজ শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে দেশের নদ-নদীতে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, পদ্মা-মেঘনা ও উপকূলীয় নদ-নদীতে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরগুনার ইলিশ অভয়াশ্রম এলাকাসহ নদী তীরবর্তী জেলেপল্লীতে লিফলেট বিতরণ, মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করবে। নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। তবে সঠিক তালিকা তৈরির মাধ্যমে বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।

এই উদ্যোগের মাধ্যমে ইলিশের প্রজনন নিরাপদ করতে চায় সরকার, যাতে আগামী মৌসুমে উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের অন্যতম অর্থনৈতিক মাছটি টেকসইভাবে সংরক্ষিত থাকে।