গত ১৫ বছর আওয়ামী সরকারের দমননীতির কারণে বিপর্যস্ত জামায়াতে ইসলামী এখন আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। দলটির নেতারা একাধিক দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন, অংশ নিচ্ছেন দূতাবাস-সংশ্লিষ্ট অনুষ্ঠান এবং প্রস্তুতি নিচ্ছেন আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশ সফরের।
শুক্রবার (৩ অক্টোবর) দলীয় সূত্রে জানা যায়, জুলাই বিপ্লবের পর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে জামায়াতের পুনর্জাগরণ ঘটে। এরপর থেকেই দলটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয়ভাবে আলোচনায় আসে।
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফর করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। এর আগে দলটির আমির ডা. শফিকুর রহমান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন।
দলীয় কার্যালয় সংস্কার শেষে সেপ্টেম্বর থেকে বিদেশি কূটনীতিকদের সেখানে আমন্ত্রণ জানানো হয়। ব্রাজিল ও সুইডেনের রাষ্ট্রদূতসহ অন্তত ১৪ দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়েছে। চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত আরও কয়েকটি বৈঠকের শিডিউল রয়েছে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, পাকিস্তান, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, কানাডা, ফ্রান্স, তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ব্রাজিলসহ ৪০টির বেশি দেশের কূটনীতিকদের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক হয়েছে। তবে ভারতীয় দূতাবাসের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি।
দলীয় সূত্র জানায়, এসব বৈঠকে জামায়াতের রাজনৈতিক অবস্থান, নীতি-কৌশল, দ্বিপক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। নারী নেতাদেরও এসব বৈঠকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
জামায়াতের আন্তর্জাতিক যোগাযোগ কমিটির প্রধান ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। সম্মান ও সমতার ভিত্তিতে চলতে চাই।”



মন্তব্য করুন