শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনার সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী (১৯৭৭–২০২৫) অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ছাত্রশিবির অন্তত ১৬০টি আসনে জয়লাভ করবে বলে আশাবাদী।

তিনি জানান, “যে এলাকায় আমরা দায়িত্ব পালন করছি, সেখানে অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে। অতীতের তুলনায় এবার শিপমেন্ট অনেক বড় হয়েছে। আগে আমাদের সর্বোচ্চ ছিল ৫০টি আসন, এবার আমরা ১৬০টি আসনের জন্য প্রস্তুত।”

অনুষ্ঠানে তিনি আরও বলেন, “যৌবনের সময়কে মূল্য দিতে হবে বার্ধক্য আসার আগেই। প্রাক্তন দায়িত্বশীলদের উচিত জামায়াত নেতৃত্বের প্রতি আস্থা রাখা, কারণ নেতৃত্ব দূরদর্শিতা থেকে সিদ্ধান্ত গ্রহণ করে।”

‘সম্প্রীতির টানে শিকড়ের পানে’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সভাপতিত্ব করেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রাকিব হাসান। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সাবেক ছাত্রনেতা ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠনের অবস্থান প্রসঙ্গে সাদ্দাম বলেন, “যেখানে একসময় আমাদের দাঁড়ানোর সুযোগ ছিল না, সেখানে আজ ডাকসুতে আমাদের প্রতিনিধিত্ব আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমাদের অবস্থান দৃঢ় হয়েছে।”

তিনি সংগঠনের সদস্যদের অহংবোধ পরিহার ও সামাজিক মাধ্যমে সংযত আচরণের আহ্বান জানান। “যারা সংগঠনের টাচে নেই, তারা আবেগে কিছু করে ফেলতে পারে। কিন্তু দায়িত্বশীলদের উচিত গালি বা উত্তেজনার জবাবে প্রতিউত্তর না দেওয়া।”