শরীয়তপুরের সখিপুরে ছয় বছরের শিশু তায়েবার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো উপজেলা। ২৬ সেপ্টেম্বর দুপুরে ছৈয়ালকান্দি গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে নিখোঁজের দুই দিন পর তায়েবার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই বিচারের দাবিতে সখিপুরবাসী মানববন্ধন, মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করছে।

শনিবার (৪ অক্টোবর) সকালে সখিপুর থানার সামনে নিহত তায়েবার সহপাঠীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় হাফেজ আবুল কাশেম কারীমিয়া মাদ্রাসা, দারুল উলুম নূরানী, ক্বওমী মাদ্রাসা ও ইসলাহুল উম্মাহর ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশ নেন। তায়েবার মা ডলি সরদার শোকে বাকরুদ্ধ, বারবার বলছেন—”আমার বুক খালি করে দিয়েছে, আমি শুধু সুষ্ঠু বিচার চাই।”

তবে হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় এসেছে। পুলিশ জানিয়েছে, দেলোয়ার মোল্লার মেয়ে শাহনাজ বেগমকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী বালার বাজারের শীতল মাঝির স্বর্ণের দোকান থেকে তায়েবার কানের দুল গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্বর্ণকার শীতল মাঝি ও রোজিনা বেগম আদালতে শাহনাজের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন।

এদিকে নিহতের চাচী ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা খাতুনকে প্রধান আসামি করা হয়েছে, যা নিয়ে পরিবারে বিভাজন দেখা দিয়েছে। তাঁর স্বামী মো. সাজ্জাদুল হক সাহান সরদার অভিযোগ করেন, “একটি সুবিধাভোগী চক্র প্রকৃত হত্যাকারীকে আড়াল করতে আমার স্ত্রীকে ফাঁসানোর চেষ্টা করছে।” বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে আকিব সরদার বলেন, “আমার বোনের লাশ যেখানে পাওয়া গেছে, সেখানে যেতে হলে অন্য বাড়ির সামনে দিয়ে যেতে হয়। তাহলে তারা দেখেনি কেন?”

আয়েশার মেয়ে আফিফা আক্তার বলেন, “আম্মু সকালেই স্কুলে গিয়েছিল, চাবি না নিয়ে। বিকেলে আমি দরজা খুলে দিলে সে বাসায় ঢোকে। তাহলে সে কীভাবে হত্যাকাণ্ডে জড়িত?”—এই প্রশ্নগুলো এখন তদন্তের কেন্দ্রে।

তায়েবার বাবা টিটু সরদার জানান, “বিকেলে নামাজ শেষে খেলতে গিয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যায় খোঁজাখুঁজির পর থানায় জিডি করি। আমার মেয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি থামব না।”

পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “এটি একটি চাঞ্চল্যকর মামলা। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। চারজনকে গ্রেফতার করা হয়েছে, এর মধ্যে দুইজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। তারা আয়েশা খাতুনকে জড়িয়ে নানা কল্পকাহিনী প্রচার করছে, যা তদন্তকে আরও জটিল করে তুলছে।