শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ছয় বছরের এক কন্যাশিশুর হত্যাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে। রোববার (৫ অক্টোবর) সদর হাসপাতাল থেকে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, শিশুটির লাশ গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার দুই দিন পর এ লাশ উদ্ধার হয়।

রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সখিপুরবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের একটাই দাবি—ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় আনা।

শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একটি কুচক্রী মহল মূল ঘটনা ধামাচাপা দিতে নিহতের চাচি আয়েশা খাতুনকে মিথ্যা মামলায় জড়িয়েছে। আয়েশার স্বামী মো. সাজ্জাদুল হক সাহান সরদার বলেন, “ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ আছে—শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এতে প্রমাণিত হয়, আমার স্ত্রীকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।”

আয়েশার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে আকিব সরদার বলেন, “আমার বোন হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের খুঁজে বের করে ফাঁসির রশিতে ঝুলানোর দাবি করছি।”

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিতু আক্তার নিশ্চিত করেছেন, ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, তারা এখনো রিপোর্ট হাতে পাননি এবং মামলার তদন্তভার অন্য কোনো সংস্থাকে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।