কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে তাকে রসুলপুর গ্রামের একটি মসজিদসংলগ্ন বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয়।

এক পর্যায়ে তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বোরহান রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে। তাকে রাত ১০টায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানান, আলী আকবর মৃত আজগর মিয়ার মেয়ের জামাই এবং দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। দুই বছর আগে তিনি ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন।

বোরহান সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকেন। টাকা দিতে না পারায় সোমবার সকালে তাকে ধরে নিয়ে নির্যাতন করা হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “নির্যাতনের বিষয়টি নজরে আসার পর রাতেই অভিযান চালিয়ে বোরহানকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয় মানবাধিকারকর্মীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সুদের ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।