চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটককে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিমানবন্দর সড়কের মোড়ে দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাফিক বিভাগের কনস্টেবল নজরুল ইসলাম এ হামলার শিকার হন।

জানা গেছে, সার্জেন্ট ও কনস্টেবল নজরুল একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন এবং সেটি রেকার করে সরিয়ে নেওয়ার সময় প্রায় ৫০–৬০ জন রিকশাচালক সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলেন। তারা গাড়িটি ভাঙচুর করে এবং একপর্যায়ে নজরুলকে মারধর করে জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যান।

আহত নজরুল ইসলাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা একজন ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ছিনিয়ে নেওয়া অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।”