ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থা ও যানজট সরেজমিনে দেখতে গিয়ে নিজেই তীব্র যানজটে আটকা পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৮ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা আটকে থাকার পর তিনি গাড়ি থেকে নেমে প্রথমে হেঁটে এবং পরে মোটরসাইকেলে সরাইল বিশ্বরোডের উদ্দেশে রওনা দেন।
পরিদর্শনসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান তিনি। সেখান থেকে আশুগঞ্জ রেলস্টেশন ঘুরে ১০টা ২০ মিনিটে সরাইল বিশ্বরোডের পথে রওনা দেন। কিন্তু সোনারামপুর এলাকায় পৌঁছেই তাঁর গাড়ি দীর্ঘ যানজটে আটকে যায়। পরিস্থিতি সামাল দিতে তিনি মোটরসাইকেল ব্যবহার করেন, সঙ্গে ছিলেন বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীন।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলমান চার লেন উন্নয়নকাজ ও দীর্ঘদিনের সংস্কারহীনতার কারণে খানাখন্দে ভরা প্রায় ১২ কিলোমিটার সড়ক যানজটকে আরও তীব্র করেছে। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প ধীরগতিতে এগোচ্ছে।
এই পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন,
“শেষ পর্যন্ত আমি মহাসড়ক ঘুরে দেখব, সমস্যা কোথায় এবং কীভাবে সমাধান করা যায়।”
হাইওয়ে পুলিশের দাবি, সংস্কারকাজের জন্য মহাসড়কের একপাশ বন্ধ রাখা এবং সড়কের গর্তই যানজটের মূল কারণ। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার রাত থেকেই যানজট তীব্র আকার ধারণ করেছে।
উপদেষ্টার সফরে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরাইল বিশ্বরোড মোড়ে তাঁর জন্য অপেক্ষা করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন ও হাইওয়ে পুলিশ সুপার শাহীনুর আলম।



মন্তব্য করুন