বুধবার, ৮ অক্টোবর রাত ১১টা—রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে হঠাৎ জিয়ারতে যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জিয়ারত শেষে রাত ১১টা ১৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে জিয়ারতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলের সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, “ম্যাডাম হঠাৎ সিদ্ধান্ত নেন মাজারে যাবেন। তাই আগাম কোনো পরিকল্পনা ছাড়াই তাকে নিয়ে যাওয়া হয়।” তিনি আরও জানান, ২০১৮ সালে কারাবন্দি হওয়ার আগে খালেদা জিয়া সর্বশেষ মাজার জিয়ারত করেছিলেন। মুক্তির পর দীর্ঘদিন তিনি সেখানে যাননি।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, খালেদা জিয়া রাত ১১টার আগে মাজারে পৌঁছে কুরআন তিলাওয়াত করেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।
এর আগে রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, ম্যাডামের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। তিনি কিছুটা খাওয়া-দাওয়া করতে পারছেন এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি রয়েছে, তবে মেডিকেল বোর্ডের অনুমতির অপেক্ষায় আছেন।
দলীয় নেতারা বলছেন, খালেদা জিয়ার হঠাৎ মাজার জিয়ারত রাজনৈতিক বার্তা বহন করতে পারে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য করুন