সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় দেশের পাঁচ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এবারেও যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থা এলসেভিয়ার জার্নালের সহযোগিতায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’ প্রকাশ করে।
এবছরের তালিকা অনুযায়ী, বিশ্বের সেরা ৮০১ থেকে ১০০০ র্যাঙ্কের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো– জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
জানা যায়, ‘টাইমস হায়ার এডুকেশন’ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বিশ্বব্যাপী সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রভাবশালী বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং সিস্টেমগুলির মধ্যে একটি। পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে র্যাঙ্কিং নির্ধারণ করে ‘টাইমস হায়ার এডুকেশন’ প্রতিষ্ঠানটি। সূচকগুলো হলো– শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্পক্ষেত্রের অবদান ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।
এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এ তালিকায় আছে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে এরমধ্যে ১৯টি সরাসরি র্যাঙ্কিং এবং বাকি ৯টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে।
এবারের তালিকায় স্থান পাওয়া শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয় হলো– ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, প্রিন্সটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কেমব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটি।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং ২০২৫-এ এশিয়া মহাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে।
এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের শীর্ষ ৩৫১–৪০০-তে অবস্থান করে দেশের পাঁচ বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে প্রথম স্থান অধিকার করে।



মন্তব্য করুন