ফিলিস্তিনে ইসরায়েলি নৌ অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছাতে গিয়ে আটক হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। ‘থাউজ্যান্ড ম্যাডলিনস’ নামে সাম্প্রতিক মানবিক অভিযানে অংশ নেওয়া ৯টি জাহাজের মধ্যে একটি বহরে ছিলেন তিনি। ইসরায়েলি সেনারা বুধবার ওই নৌবহরে আক্রমণ চালিয়ে দেড় শতাধিক অধিকারকর্মী ও নাবিককে আটক করে কারাগারে পাঠায়।

শহিদুল আলমের মুক্তির জন্য তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে জানান, শুক্রবার (১০ অক্টোবর) বিশেষ বিমানে করে শহিদুল আলমকে আঙ্কারায় নেওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার সকালে দেওয়া এক পোস্টে জানানো হয়, শহিদুল আলমকে অবৈধভাবে আটক করার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মুক্তির উদ্যোগ নিচ্ছে।

শহিদুল আলম দীর্ঘদিন ধরে মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতার পক্ষে সক্রিয়। গাজা অভিমুখে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এই অভিযানে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা অংশ নিয়েছিলেন। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে গঠিত ‘থাউজ্যান্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগের অংশ হিসেবে এই নৌযাত্রা পরিচালিত হয়।

ইসরায়েলের বন্দিশালা থেকে শহিদুল আলমকে মুক্ত করতে আন্তর্জাতিক পর্যায়ে চাপ বাড়ছে। বাংলাদেশ দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।