মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনাসদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
তিনি লিখেছেন, “সেনাবাহিনীর কিছু সদস্য, বিশেষত র্যাব ও ডিজিএফআইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা অতীতে গুম, খুন ও ক্রসফায়ারের মতো মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন। এমনকি জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিরস্ত্র জনগণের ওপর গুলি চালানোর ঘটনাও ঘটেছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার অন্যতম স্তম্ভ। কিন্তু ন্যায়বিচার ও সংস্কারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়।”
তিনি দাবি করেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় স্বার্থে ব্যবহৃত হয়েছে, যার প্রভাব সেনাবাহিনীতেও পড়েছে। এখন সময় এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কমুক্ত করে গণতান্ত্রিক কাঠামোয় পুনর্গঠন করার।
নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, সেনা নেতৃত্ব সরকার ও ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। “এটি কোনো প্রাতিষ্ঠানিক মর্যাদার প্রশ্ন নয়, বরং রাষ্ট্র, গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রশ্ন,”—তিনি বলেন।
তিনি আরও জানান, ৫ আগস্ট থেকে স্থিতিশীলতা ও ঐক্য রক্ষায় এনসিপি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। “আমাদের লক্ষ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম এবং অর্থনৈতিক সংস্কার সাধন।”



মন্তব্য করুন