আন্তর্জাতিক মানবাধিকার মিশনে অংশ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম অবশেষে দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।
এর আগে, গত ৮ অক্টোবর ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর ‘কনশানস’ জাহাজ থেকে শহিদুল আলমকে আটক করে ইসরায়েলি বাহিনী। তাকে নিয়ে যাওয়া হয় নেগেভ মরুভূমির কেৎজিয়েত সামরিক কারাগারে।
বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর তিনি টার্কিশ এয়ারলাইন্সের TK6921 ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
ইস্তাম্বুল থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন এবং শনিবার ভোরে দেশে পৌঁছান।
শহিদুল আলম ছিলেন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের আন্তর্জাতিক নৌবহরের সদস্য, যা গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করেছিল। এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
ইসরায়েলি সেনারা গত বুধবার ওই নৌবহরে আক্রমণ চালিয়ে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে। শহিদুল আলমের মুক্তি আন্তর্জাতিক মহলে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।



মন্তব্য করুন