অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, “উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই।”
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশন আইনের প্রস্তাবিত খসড়ার ওপর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভাটি যৌথভাবে আয়োজন করে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপি।
তিনি বলেন, “যারা আয়নাঘর চালিয়েছে, গুম-খুন-নির্যাতন করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে, ভোটাধিকার হরণ করেছে—তাদের সেফ এক্সিট প্রয়োজন। সেই সেফ এক্সিটের জন্য আমরা কাজ করছি এবং দেশবাসীকে তা দেওয়ার সূচনা ইতিমধ্যে শুরু হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা।
মানবাধিকার কমিশন আইনের খসড়া প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “গত ১৬ বছরে কমিশন কেন ব্যর্থ হয়েছে, তা সনাক্ত করে এবার একটি স্বাধীন বাছাই কমিটির বিধান যুক্ত করা হয়েছে। কমিশনারদের নিয়োগে গণবিজ্ঞপ্তি, সাক্ষাৎকার এবং মানবাধিকার বিষয়ে কাজের রেকর্ড যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।”
তিনি জানান, কমিশনারের সংখ্যা ৩ থেকে ৭-এ উন্নীত করা হয়েছে, যেখানে এক-তৃতীয়াংশ নারী, সংখ্যালঘু ও সুবিধাবঞ্চিতদের প্রতিনিধিত্ব থাকবে।
আইনের নতুন খসড়ায় কমিশনের ক্ষমতা প্রসারিত করা হয়েছে। শৃঙ্খলা-বাহিনীর বিরুদ্ধে তদন্তের বাধা তুলে দেওয়া হয়েছে। কমিশন এখন ক্ষতিপূরণ আদায়, জরুরি আদেশ এবং মামলা-মোকদ্দমা করার ক্ষমতা পাবে।
তিনি আরও বলেন, “কমিশনের আদেশ প্রতিপালন বাধ্যতামূলক করা হয়েছে। কমিশনের ব্যয়কে রাষ্ট্রীয় বাধ্যতামূলক দায় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি কর্মচারীদের মতো সুবিধা নিশ্চিত করা হয়েছে।”
নাগরিক সমাজের পরামর্শে আইনটি সংশোধন করা হয়েছে বলে জানান তিনি। “এখন কমিশনের পক্ষে আর অজুহাত দেওয়ার সুযোগ নেই। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে কমিশন মানবাধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে।”



মন্তব্য করুন