অর্থনৈতিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রথমবারের মতো গঠিত হচ্ছে ‘শিক্ষা সারথি’ তহবিল। এ উদ্যোগকে বাস্তবায়ন ও কার্যকর করতে বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুবহান মুন্সি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গিয়াস উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা প্রিয়াংকা বিশ্বাস, কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) তানবিন হাসান শুভ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবী, অভিভাবক প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান বলেন,
“এই তহবিলের মূল লক্ষ্য হলো অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন তার লেখাপড়া থেকে পিছিয়ে না পড়ে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিকভাবে এগিয়ে এলে আমরা বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ আলোকিত করতে পারবো।”

তিনি আরও বলেন, “শিক্ষা শুধু ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নেয়। তাই ‘শিক্ষা সারথি’ তহবিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার ভিত্তি আরও মজবুত করবে।”

সভায় জানানো হয়, এই তহবিলের মাধ্যমে স্কুল ও কলেজ পর্যায়ের দরিদ্র, অসচ্ছল, অনাথ ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ ও পরামর্শ সেবা দেওয়া হবে। পাশাপাশি তহবিলকে স্বচ্ছ, সুশাসিত ও টেকসইভাবে পরিচালনা করতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।