শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত দরিদ্রদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আব্দুল্লাহ খানের প্রচেষ্টায় উন্নয়ন তহবিল থেকে এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতরণ করা উপকরণের মধ্যে ছিল—ইসিজি মেশিন, রক্তচাপ মাপার মেশিন, থার্মোমিটার, অক্সিজেন ফ্লো মিটার, স্ট্রেচার, স্টেথোস্কোপ, ডায়বেটিস মেশিন, ওজন মাপার মেশিন সহ জরুরি সাপোর্ট কিটসহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম।

রবিবার (৩০ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খান এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার, মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, ডাঃ নারগিস আক্তার, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক ও মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খান বলেন, উন্নয়ন তহবিলের এ সহায়তা স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবায় ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি ভবিষ্যতেও স্বাস্থ্যখাতে আরও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।