১৮ কোটি মানুষকে জিম্মি করে আওয়ামী লীগ টানা তিনবার ভোটারবিহীন নির্বাচন করেছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ–ডামুড্যা–গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নূরুদ্দিন আহমেদ অপু।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদ কমপ্লেক্সে সহকারী রিটার্নিং কর্মকর্তা সালাউদ্দিন আইয়ুবীর কাছে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নুর উদ্দিন অপু বলেন, “আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। টানা তিনটি জাতীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছাড়াই ক্ষমতা আঁকড়ে রাখা হয়েছে। এর ফলে দেশের ১৮ কোটি মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।”
তিনি আরও বলেন, “আজ সেই অন্ধকার সময় পেরিয়ে মানুষের মধ্যে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ভোটাধিকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ও আকুতি ছিল, তা বাস্তবায়িত হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আর ২০২৪ সালের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে নতুন করে স্বাধীন হয়েছে।”
গণতন্ত্রের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালিত হবে।”
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ডামুড্যা উপজেলা শহরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল, স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়।



মন্তব্য করুন