বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর মধ্যেই শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ–ডামুড্যা–গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহমেদ অপু।
২৮ ডিসেম্বর সোমবার ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলায় পর্যায়ক্রমে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সর্বশেষ গোসাইরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্সে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মিয়া নুর উদ্দিন অপু বলেন, “দেশনায়ক তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর মধ্যে আমাদের শরীয়তপুর রয়েছে। তাঁর দিকনির্দেশনায় শরীয়তপুরকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। শরীয়তপুর আমার জেলা—এই জেলাকে আমি একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যেই আধুনিক ও উন্নত শরীয়তপুর গড়ার স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। জনগণের দোয়া ও সমর্থন পেলে শরীয়তপুর-৩ আসনের সার্বিক উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”
মনোনয়ন দাখিল প্রসঙ্গে তিনি বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমি একজন পুরোহিত, একজন শিক্ষক এবং একজন মসজিদের ইমামকে সঙ্গে রেখেছি। যাদের সমাজে অনেক সময় অবহেলিত করে দেখা হয়, আমি তাদেরকেই পাশে রাখতে চাই। অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির অঙ্গীকার।”
এ সময় গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক খান বলেন, “শরীয়তপুর-৩ আসনে অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য একজন নেতাকে দল মনোনয়ন দিয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।”
এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও গোসাইরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোবারক ঢালী, সামন্তসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নান্টু খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যুব নেতাদের মধ্যে উজ্জ্বল চৌধুরী, আব্দুর রাজ্জাক, পলাশ সরদার ও সুজন হাওলাদার আগামী ১২ ফেব্রুয়ারি মিয়া নুর উদ্দিন অপুকে বিজয়ের মালা পরানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে গোসাইরহাট উপজেলা শহরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে সৃষ্টি হয় উৎসবমুখর নির্বাচনী পরিবেশ।



মন্তব্য করুন