বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
নাহিদ ইসলাম জানান, এটি মূলত একটি নির্বাচনী সমঝোতা। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আধিপত্যবাদী শক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় এই ঐক্য প্রয়োজন বলে তিনি মনে করেন। শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতি এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টি এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) জোটের পক্ষ থেকে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। সমঝোতার ভিত্তিতে যেসব আসনে এনসিপি প্রার্থী দেবে না, সেখানে জোটের অন্য প্রার্থীদের সমর্থন দেবেন দলটির নেতা-কর্মীরা। পাশাপাশি এনসিপি ও এর সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী ‘গণভোট’-এর পক্ষে প্রচারণা চালাবে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম স্পষ্ট করেন যে, জামায়াতের সঙ্গে তাদের এই ঐক্য আদর্শিক নয়। তিনি বলেন, দেশ গঠনের জন্য জুলাই সনদ অনুযায়ী কাজ করতে তারা বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। জামায়াত ও এনসিপি নিজ নিজ আদর্শ বজায় রেখেই নির্বাচনী মাঠে একসঙ্গে কাজ করবে।
আধিপত্যবাদী শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, এই সংকটময় মুহূর্তে নিজেদের রক্ষা এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে তারা এই বৃহত্তর জোটের অংশ হয়েছেন।



মন্তব্য করুন