হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক নবী হোসেন (৪৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। এপিবিএন জানায়, তিনি নভোএয়ারের একটি ফ্লাইটে (VQ922) কক্সবাজার থেকে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাদক বহনের কথা স্বীকার করেন।
এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পায়ুপথে তিনটি ডিম্বাকৃতির পোটলা শনাক্ত করা হয়। চিকিৎসকদের সহায়তায় কসটেপ মোড়ানো পোটলাগুলো থেকে মোট ৯৬৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন মাদক কারবারে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন