দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২৯ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দর।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় এই প্রভাব পড়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দামে পরিবর্তন আসলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। মানভেদে রুপার ভরি ৩ হাজার ৭৩২ টাকা থেকে ৬ হাজার ৬৫ টাকা পর্যন্ত বহাল রয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার মূল্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণকারী গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্যেও বৈশ্বিক বাজারে দাম বাড়ার চিত্র দেখা গেছে।