বর্তমানে আওয়ামী লীগের ওপর সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, জাতীয় পার্টি সবসময় নির্যাতিতদের পক্ষে কথা বলে, তাই আওয়ামী লীগের ভোটাররা তাঁদের সমর্থন করতে পারে।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের উল্লেখ করেন, আওয়ামী লীগের সদস্যরাও এ দেশের ভোটার এবং নাগরিক। জামায়াত ও বিএনপি উভয়েই প্রকাশ্যে তাঁদের ভোট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু জাতীয় পার্টি এ নিয়ে কোনো বক্তব্য দেয়নি। তবুও একটি ধারণা তৈরি করা হচ্ছে যে আওয়ামী লীগের বড় ভোট ব্যাংক লাঙলের দিকে যেতে পারে। এটি কোনো অপরাধ হতে পারে না।
নির্বাচনের পরিবেশ নিয়ে গভীর সংশয় প্রকাশ করে জাপা চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। জাতীয় পার্টির তিন জন প্রার্থী বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁদের জামিন হওয়ার পর আবারও নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন অন্য দলগুলোকে সময় দিলেও জাতীয় পার্টিকে দেখা করার সুযোগ দিচ্ছে না।
জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে জি এম কাদের দাবি করেন, জাতীয় পার্টি একমাত্র দল যারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় ছিল এবং দলীয় রেজুলেশনের মাধ্যমে সমর্থন দিয়েছিল। অথচ সেই আন্দোলনের নামেই এখন জাপা প্রার্থীদের হত্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এটি বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল।
বিএনপির সঙ্গে জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, মনোনয়ন জমা দেওয়ার পর প্রথাগত জোটের সুযোগ থাকে না, তবে স্থানীয় পর্যায়ে সমঝোতা হতে পারে। যদি বিএনপি চায় এবং জাতীয় পার্টি সুবিধাজনক মনে করে, তবে শক্তিশালী প্রার্থীদের পারস্পরিক সমর্থনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এ নিয়ে এখন পর্যন্ত বিএনপির সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।



মন্তব্য করুন