ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) সংসদীয় আসনে বড় রাজনৈতিক মেরুকরণ ঘটেছে। ১০ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে এক আবেগঘন ফেসবুক পোস্টে আতিকুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান এবং নাহিদ ইসলামকে শুভকামনা জ্ঞাপন করেন।
পোস্টে আতিকুর রহমান উল্লেখ করেন, গত ফেব্রুয়ারি থেকে তিনি এই আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে নিরলস কাজ করেছেন। তবে সংগঠনের বৃহত্তর স্বার্থে এবং জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন এই গুরুভার থেকে মুক্তি পেলেন। তিনি বলেন, “আমরা সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ আনুগত্য এবং আস্থাশীল। ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করব।”
এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আতিকুর রহমান বলেন, অল্প সময়ে রামপুরা-বাড্ডা ও ভাটারার মানুষ তাঁকে আপন করে নিয়েছিলেন। জরিপ অনুযায়ী এই আসনে জামায়াতের ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছিল, যা এখন জোটের প্রার্থীর পক্ষে কাজ করবে।
উল্লেখ্য, রবিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ১০ দলীয় নতুন জোটের ঘোষণা দেন। এরপরই নাহিদ ইসলাম জানান, পরিবর্তিত পরিস্থিতিতে আধিপত্যবাদী শক্তি ঠেকাতে এই বৃহত্তর ঐক্য জরুরি ছিল। বিশেষ করে শরিফ ওসমান হাদীর শাহাদাত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।



মন্তব্য করুন