নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এই আদেশের ফলে আসন্ন জাতীয় নির্বাচনে বগুড়া থেকে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। আদালত একইসঙ্গে হাইকোর্টের দেওয়া আগের আদেশটি ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

এর আগে মাহমুদুর রহমান মান্না ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। গত ২৪ ডিসেম্বর বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেই রিট খারিজ করে তাঁকে ঋণখেলাপি হিসেবেই গণ্য করার রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মান্নার আইনজীবীরা।

উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্নার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড’-এর কাছে বকেয়া ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ের জন্য গত ৩ ডিসেম্বর ‘কল ব্যাক নোটিশ’ জারি করেছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়ার বড়গোলা শাখা। ২০১০ সালে অনুমোদিত ২২ কোটি টাকার বিনিয়োগ নিয়মিত পরিশোধ না করায় জরিমানাসহ বকেয়ার পরিমাণ বর্তমান পর্যায়ে দাঁড়ায়।

ব্যাংকের পক্ষ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে অর্থ পরিশোধের সময়সীমা দেওয়া হয়েছিল। তবে চেম্বার আদালতের আজকের আদেশের পর মান্নার প্রার্থিতা নিয়ে তৈরি হওয়া আইনি অনিশ্চয়তা কেটে গেল।