ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় সরাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসনে ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আমার বাবা এক সময় আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে নির্বাচন করেছিলেন, আর আজ ভাগ্যের ফেরে আমাকে বিএনপির জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে।” তিনি আরও বলেন, এলাকার জনগণ ও কর্মীদের বিশ্বাসের মর্যাদা রাখতে তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

উল্লেখ্য, এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে লড়বেন। জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে রুমিন ফারহানার এই স্বতন্ত্র প্রার্থিতা সরাইল-আশুগঞ্জ এলাকায় নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি বড় অংশ রুমিন ফারহানার পক্ষেই অবস্থান নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।