আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে অন্তর্বর্তী সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাতকালে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন, দ্বিপক্ষীয় বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল এবং শ্রম সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানান, নির্বাচনের আগে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স গত ১৭ মাসে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি সরকারের গৃহীত শ্রম সংস্কারের ভূয়সী প্রশংসা করে একে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন। বিশেষ করে শ্রম নেতাদের বিরুদ্ধে দায়ের করা ৪৫টি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্তকে বিদেশি বিনিয়োগের জন্য ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
অধ্যাপক ইউনূস নতুন শ্রম অধ্যাদেশকে একটি যুগান্তকারী আইন হিসেবে বর্ণনা করেন। এছাড়া রোহিঙ্গা সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের একক বৃহত্তম দাতা হিসেবে মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন