সাধারণ গৃহবধূ থেকে তিনবারের প্রধানমন্ত্রী—বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার এই উত্তরণ এক অনন্য দৃষ্টান্ত। ১৯৪৫ সালে জলপাইগুড়িতে জন্ম নেওয়া এই রাজনৈতিক ব্যক্তিত্ব মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জন্ম ও শিক্ষা
পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন খালেদা জিয়া। ১৯৬০ সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিক পাসের পর সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনের হাত ধরেই তিনি ইতিহাসের নানা বাঁক বদলের সাক্ষী হন।

রাজনীতিতে অভিষেক
জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতি থাকাকালীন খালেদা জিয়া পর্দার অন্তরালে থাকলেও ১৯৮১ সালে স্বামী নিহত হওয়ার পর পরিস্থিতির চাপে তিনি রাজনীতিতে আসেন। দলের সংকটে ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ ৪১ বছর তিনি দলটিকে নেতৃত্ব দিয়েছেন।

আপসহীন সংগ্রাম
এরশাদবিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকা তাকে জাতীয় নেতায় পরিণত করে। সাতদলীয় ঐক্যজোটের নেতৃত্ব দিয়ে রাজপথে থেকেছেন এবং ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও তিনি সরকার প্রধানের দায়িত্ব পালন করেন।

অনন্য রেকর্ড
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে খালেদা জিয়ার এক অনন্য রেকর্ড রয়েছে। তিনি ৫টি ভিন্ন ভিন্ন জাতীয় নির্বাচনে মোট ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং প্রতিটি আসনেই জয়লাভ করেছেন। কোনো নির্বাচনেই তিনি কখনো পরাজিত হননি।

শেষ জীবন
২০০৭ সালের ওয়ান-ইলেভেন সরকার থেকে শুরু করে পরবর্তী আওয়ামী লীগ সরকারের সময়েও তাকে দীর্ঘ সময় কারাবরণ ও গৃহবন্দী অবস্থায় থাকতে হয়েছে। লিভার সিরোসিসসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ লড়াই শেষে আজ এই মহীয়সী নেত্রীর জীবনাবসান ঘটল।