বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত এই শোক পালন করা হবে। এছাড়া জানাজার দিন অর্থাৎ বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। শোককালীন সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ ও জাতির কল্যাণে তার দীর্ঘ সংগ্রাম ও অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শোকাতুর এই সময়ে তিনি দেশবাসীকে ধৈর্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।