বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী পরিস্থিতি ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে দলটির স্থায়ী কমিটি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার পর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে তারেক রহমান রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে রওনা হন। তার পৌঁছানোর আগেই স্থায়ী কমিটির সদস্যরা কার্যালয়ে উপস্থিত হন। আজ ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর এটিই দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের প্রথম আনুষ্ঠানিক সভা।

বৈঠকে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি, শোক র‍্যালি এবং দাফনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। বিশেষ করে আগামীকালকের প্রস্তাবিত জানাজায় শৃঙ্খলার সঙ্গে ব্যাপক জনসমাগম নিশ্চিত করার বিষয়ে জ্যেষ্ঠ নেতাদের দিকনির্দেশনা দিচ্ছেন তারেক রহমান।

রাজনৈতিক জীবনের দীর্ঘ পরিক্রমায় তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া আজ সকাল ৬টায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দলে যে নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে, এই ক্রান্তিকালে দলের পরবর্তী কর্মপরিকল্পনা নিয়েও এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।