সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে এক গভীর শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফেনী, বগুড়া, সিলেটসহ দেশের প্রতিটি প্রান্তে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে স্তব্ধতা নেমে আসে।
বেগম জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর দক্ষিণ শ্রীপুর গ্রাম। প্রিয় নেত্রীর মৃত্যুতে এই জনপদ এখন শোকে স্তব্ধ। স্থানীয় বিএনপি কার্যালয়সহ পৈতৃক বাড়িতে আয়োজন করা হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিলের। ফেনী জেলা বিএনপির নেতারা জানান, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ও বেগম জিয়ার শ্বশুরবাড়ি হওয়ায় বগুড়ার গাবতলী ও বাগবাড়ী এলাকায় শোকাতুর মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার ভোর থেকেই গাবতলী এলাকায় শোকের আবহ তৈরি হয়। জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে সিলেট জেলা ও মহানগর বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। বিকেলের পর থেকে সেখানে আনুষ্ঠানিকভাবে শোক বইতে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়। রাজশাহী ও রংপুরেও দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করে সমবেত হন। রংপুরে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকে কোরআন তেলাওয়াত প্রচার করা হচ্ছে। রাজশাহীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সারা দেশের মসজিদ ও মাদ্রাসাগুলোতেও এই নেত্রীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা।



মন্তব্য করুন