সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শরীয়তপুরে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে জেলা শহরের ধানুকা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এই কর্মসূচির উদ্যোগ নেন। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বাসিন্দারা শরিক হন।
আয়োজক সূত্র জানায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘ লড়াইয়ের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই প্রধানমন্ত্রী। লিভার সিরোসিসসহ একাধিক দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হয়ে তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার এই বিদায় জাতীয় রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছেন অনুসারীরা।
দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ হিসেবে অভিহিত করেন। তারা বলেন, দেশ ও মানুষের প্রতি তার ভালোবাসা দলের প্রতিটি স্তরের মানুষের জন্য অনুপ্রেরণা। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। মোনাজাতে মরহুমার আত্মার শান্তি ও জান্নাত কামনা করা হয়।



মন্তব্য করুন