সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য জানাজা ও পরবর্তী দাফন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এবং জিয়া উদ্যান এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জানাজা ও দাফন চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করার কথা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে বিজিবি।



মন্তব্য করুন