সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে পৃথক ফ্লাইটে তারা রাজধানী পৌঁছেছেন।

পাকিস্তানের হাইকমিশন জানিয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিটে স্পিকার সরদার আইয়াজ সাদিক ঢাকায় অবতরণ করেন। এর কিছুক্ষণ পরেই বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে পৌঁছান এস জয়শঙ্কর। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই এক বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার প্রতি ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর বিষয়টি নিশ্চিত করেছিল।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় দুপুর থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। জানাজা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে শেরেবাংলা নগরে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরদেহ বহনকারী জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি ইতোমধ্যেই গুলশান থেকে সংসদ ভবন এলাকায় পৌঁছেছে।

মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আজ সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসারের পাশাপাশি ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।