ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের আনুষ্ঠানিক শোকবার্তা তারেক রহমানের হাতে হস্তান্তর করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে পাঠানো এই শোকবার্তায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় খালেদা জিয়ার অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছান জয়শঙ্কর। বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে সমবেদনা বিনিময় করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত সফর শেষে বুধবার বিকেলেই এস জয়শঙ্করের দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তার এই সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের একটি কূটনৈতিক বার্তা প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।