ভারতের রাজস্থানে একটি যাত্রীবাহী গাড়ি থেকে প্রায় ১৫০ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক জব্দ করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) রাজ্যের টঙ্ক জেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বারোনি থানা এলাকায় একটি মারুতি সিয়াজ গাড়ি তল্লাশি করে ইউরিয়া সারের বস্তার নিচে লুকানো অবস্থায় এই বিস্ফোরকগুলো পাওয়া যায়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ২০০টি বিস্ফোরক কার্টিজ এবং ১ হাজার ১০০ মিটার লম্বা ছয়টি সেফটি ফিউজ তারের বান্ডিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিস্ফোরকগুলো বুন্দি জেলা থেকে টঙ্কে পাচার করা হচ্ছিল।

এই ঘটনায় জড়িত সন্দেহে সুরেন্দ্র মোচি ও সুরেন্দ্র পাতওয়া নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। টঙ্কের উপ-পুলিশ সুপার মৃত্যুঞ্জয় মিশ্র জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিস্ফোরকগুলো কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে নাকি অবৈধ খনন কাজে ব্যবহারের জন্য আনা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, অ্যামোনিয়াম নাইট্রেট মূলত কৃষিকাজে সার হিসেবে ব্যবহৃত হলেও এটি বিস্ফোরক তৈরির অন্যতম প্রধান উপাদান। গত মাসে দিল্লির লালকেল্লার কাছে সংঘটিত এক ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে এই রাসায়নিক ব্যবহার করা হয়েছিল, যেখানে ১৫ জনের প্রাণহানি ঘটে।

একই দিনে দিল্লি সংলগ্ন হরিয়ানার ফরিদাবাদ থেকেও প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেফতারের তথ্য জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। একের পর এক বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।