আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিয়েছে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই রাজনৈতিক মেরুকরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি একে ‘মানুষের আবেগের সাথে প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে কাদের এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, এই জোট গঠনের প্রক্রিয়াটি গত ৫ আগস্টের পর থেকেই শুরু হয়েছিল।
কাদের তার স্ট্যাটাসে লেখেন, ‘আগস্টের ৫ তারিখ রাতে জামায়াত নেতার বাসায় মিটিং দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটি আজকে পূর্ণতা পেয়েছে। যারা এই দীর্ঘ প্রক্রিয়ায় শ্রম দিয়েছেন, তাদের অভিনন্দন। তবে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এভাবে প্রতারণা না করলেও পারতেন।’
এর আগে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, এনসিপি ছাড়াও কর্নেল অলী আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এই জোটে যুক্ত হয়েছে। জামায়াত আমির আরও উল্লেখ করেন, আরও কিছু দল জোটে আসার আগ্রহ দেখালেও বর্তমান প্রেক্ষাপটে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না।
উক্ত সংবাদ সম্মেলনে কর্নেল অলী আহমেদ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল কাদের এবং জাগপার রাশেদ প্রধানসহ জোটভুক্ত ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলামের দলের এমন সিদ্ধান্তে সাবেক সহযোদ্ধাদের মধ্যেই এখন প্রকাশ্য সমালোচনা শুরু হলো।



মন্তব্য করুন