বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ২০২৫ সালের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তাঁর একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ভারতীয় ওই কূটনীতিকের অনুরোধেই বিষয়টি এতদিন প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) নিজের বাসভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা তাঁর সঙ্গে প্রকাশ্য সৌজন্য সাক্ষাৎ করলেও ভারতের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। বৈঠকটি কেন গোপন রাখা প্রয়োজন—এমন প্রশ্নে ভারতীয় ওই কর্মকর্তা কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি। জামায়াত আমির জোর দিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে সম্পর্কের উন্নয়ন ছাড়া আর কোনো বিকল্প নেই এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক স্বচ্ছতা বজায় রাখা জরুরি।
আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত আমির বড় ধরনের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, জামায়াতে ইসলামী একটি ঐক্যের সরকার গঠনের বিষয়ে উন্মুক্ত এবং ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের আলোচনা চলছে। নির্বাচনে যে দল সর্বোচ্চ আসন পাবে, প্রধানমন্ত্রীর পদটি সেই দলের হবে বলে তিনি মনে করেন। দুর্নীতিবিরোধী অবস্থানই হবে এই ঐক্যের সরকারের মূল অভিন্ন ইশতেহার।
শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রীর দিল্লিতে অবস্থান বর্তমানে দুই দেশের সম্পর্ককে গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। এছাড়া জামায়াত আমির বর্তমানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানান, জামায়াতকে নিয়ে কোনো সরকার গঠিত হলে তারা বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে ‘স্বস্তি বোধ’ করবে না। এই বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রয়টার্সকে জানান, এই ইস্যু নিয়ে তিনি আর জটিলতা বাড়াতে চান না।



মন্তব্য করুন