সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এক বিশেষ বার্তায় তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারেক রহমান তাঁর বার্তায় উল্লেখ করেন, শোকের এই মুহূর্তে মায়ের শেষ বিদায় অত্যন্ত মর্যাদা ও শ্রদ্ধার সাথে সম্পন্ন হয়েছে। এর পেছনে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার যত্ন ও পেশাদারিত্ব প্রধান ভূমিকা পালন করেছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের মানবিক ও সুশৃঙ্খল আচরণের প্রশংসা করেন তিনি।
বার্তায় বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তাঁর মন্ত্রিসভাকে। তারেক রহমান বলেন, রাষ্ট্রীয় শোকের সময়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিগত উপস্থিতি এবং শান্তি বজায় রাখার প্রচেষ্টা তাঁর পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে কাজ করেছে। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্কতা ও দায়িত্ববোধের কারণে কয়েক লাখ মানুষ নিরাপদে শোক প্রকাশ করতে পেরেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বিদেশি প্রতিনিধিদের সরাসরি উপস্থিতি এবং গণমাধ্যমকর্মীদের প্রতিকূল পরিবেশে সংবাদ সংগ্রহের প্রচেষ্টাকেও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। তারেক রহমান তাঁর বার্তায় বলেন, প্রতিষ্ঠান হিসেবে নয় বরং মানুষ হিসেবে সংশ্লিষ্ট সবার সহমর্মিতা তাঁর পরিবারের হৃদয় স্পর্শ করেছে। তিনি এই বিদায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেন।



মন্তব্য করুন