শরীয়তপুর-১ (পালং–জাজিরা) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ আসনে দাখিল করা ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম।

জানা যায়, পালং ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর-১ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তথ্যের গড়মিল ও নির্ধারিত বিধিমালা অনুসরণ না করায় বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মিয়া এবং দুই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলাম-এর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মিয়া বলেন, “মনোনয়নপত্রে একটি পুরাতন হলেও সচল ব্যাংক হিসাব উল্লেখ করেছিলাম। এ কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে প্রার্থিতা ফিরে পেতে আমি আপিল করবো।”

স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম বলেন, “স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিলের নিয়ম রয়েছে। একটি স্বাক্ষর না থাকা এবং একটি তথ্যের সামান্য ব্যত্যয়ের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। যদিও প্রয়োজনের চেয়ে বেশি স্বাক্ষর জমা দিয়েছিলাম। আমি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো এবং প্রার্থিতা ফিরে পাওয়ার আশাবাদী।”

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, “শরীয়তপুর-১ আসনে দাখিল করা ৯টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ৬টি বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।”