নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে ৫০টি প্রান্তিক পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় এই সহায়তা প্রদান করা হয়।
ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার চরাঞ্চলে বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৫০ জন নির্বাচিত উপকারভোগীর প্রত্যেককে তিনটি করে মোট ১৫০টি ভেড়া দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. আবু বক্কর সিদ্দিক, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাউদ্দিন আইয়ুবী এবং প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের উৎস তৈরির লক্ষ্যে এই ভেড়া বিতরণ করা হয়েছে। ভেটেরিনারি সার্জন ডা. মো. কামরুজ্জামানসহ স্থানীয় কর্মকর্তারা বিতরণ কার্যক্রম তদারকি করেন।



মন্তব্য করুন