ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয় নৌ কর্তৃপক্ষ।
নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনার আশঙ্কা এড়াতে মাঝনদীতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে রাতভর ফেরিঘাটে আটকে পড়েন শত শত যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন।
ফেরি চলাচল বন্ধ থাকায় জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে। শীতের মধ্যে অনেক যাত্রীকে ফেরিঘাট এলাকায় অপেক্ষা করতে দেখা গেছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, “নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় আমরা নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রেখেছি, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। বর্তমানে ঘাটে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। মাঝনদীতে কোস্টগার্ড অবস্থান করছে। তাদের সিগনাল পেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।”
তিনি আরও জানান, বর্তমানে এই নৌ রুটে ছোট-বড় মিলিয়ে মোট ছয়টি ফেরি চলাচল করে।
এদিকে শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌ রুটে প্রায়ই ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এতে নিয়মিত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দুর্ভোগ বাড়ছে। নৌপথে স্থায়ী সমাধান ও আধুনিক নেভিগেশন ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন যাত্রী ও সংশ্লিষ্টরা।



মন্তব্য করুন