শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে ইয়াবা বিক্রির সময় দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের এড়িকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন কুতুবপুর এলাকার মনির উদ্দিন বেপারীর ছেলে জুয়েল বেপারী এবং কনেস্বর ইউনিয়নের শীতলকাঠি গ্রামের বাসিন্দা রবিন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদকবিরোধী সামাজিক উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় জনতা ও যুবদলের নেতাকর্মীরা সন্দেহজনক কার্যকলাপের ওপর নজরদারি চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় এড়িকাঠি এলাকায় ইয়াবা বিক্রির সময় জুয়েল বেপারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী রবিনকেও আটক করা হয়।
ইউনিয়ন যুবদল নেতা তুরান বেপারী জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আরও বলেন, এলাকাকে মাদকমুক্ত রাখতে স্থানীয়ভাবে জনসচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পরবর্তীতে আটক দুইজনকে ডামুড্যা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মন্তব্য করুন