বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দরপত্রে গোপনীয় দর ফাঁস এবং একটি সিন্ডিকেটের মাধ্যমে কাজ পরিচালনার অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, এ প্রক্রিয়ায় সরকারের প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এনসিটিবির কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, অভিযানের সময় অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে এনসিটিবি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্য তালিকা এবং এনসিটিবির ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণী।

অভিযানে সংগৃহীত নথিপত্র ও সংশ্লিষ্ট তথ্য এখন বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। এসব নথি যাচাই-বাছাইয়ের পর অভিযোগের বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

দুদকের কাছে করা অভিযোগে বলা হয়েছে, বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দরপত্র প্রক্রিয়ায় গোপনীয় দর ফাঁস করা হয়েছে। পাশাপাশি একটি সিন্ডিকেটের মাধ্যমে কাজ পরিচালনার কারণে সরকারকে প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এনফোর্সমেন্ট অভিযানের মাধ্যমে অভিযোগে উল্লিখিত অনিয়মের সত্যতা এবং এর সঙ্গে কারা জড়িত, তা যাচাই করছে দুদক। সংগৃহীত নথিপত্র ও অন্যান্য তথ্য বিশ্লেষণের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।