শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষারে সোনার তরী যুব সংঘের উদ্যোগে প্রায় ২০০টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরের ধারাবাহিকতায় চলতি বছরও এ কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনটি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের আজীবন সদস্য, সাধারণ সদস্য, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, বিতরণকৃত প্রতিটি ইফতার প্যাকেজে ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল, যা রমজান মাসে সুবিধাবঞ্চিত পরিবারের খাদ্য সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সোনার তরী যুব সংঘ নিয়মিতভাবে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান, চিকিৎসা সেবা ক্যাম্প, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সহায়তা, গৃহ নির্মাণ সহায়তা, মেধাবৃত্তি, স্বেচ্ছায় রক্তদান, সেলাই মেশিন বিতরণসহ নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতায় এ ধরনের মানবিক উদ্যোগ চলমান থাকবে।

মন্তব্য করুন